চীন দিচ্ছে বিপুল প্রণোদনা, আসছে সাড়ে ৩২ হাজার কোটি ডলারের বিশেষ বন্ড
বিশেষ বন্ড ছাড়তে যাচ্ছে চীন। ঝিমিয়ে পড়া অর্থনীতি চাঙা করার লক্ষ্য নিয়ে এই বন্ড ছাড়া হবে, যার মাধ্যমে ৩২ হাজার ৫০০ কোটি ডলারের সমপরিমাণ ২ লাখ ৩০ হাজার কোটি ইউয়ান বাজার থেকে তোলা হবে। আগামী তিন মাস ধরে এই অর্থ আবাসান ব্যবসা, স্থানীয় পুঁজি সরবরাহ ও ব্যাংকব্যবস্থাকে জোরদার করতে ব্যয় করা হবে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চীনের অর্থমন্ত্রী লান ফো’য়ান ও অন্যান্য কর্মকর্তারা একটি বহুল প্রত্যাশিত সংবাদ সম্মেলনে বন্ড ছাড়ার ঘোষণা দেন। অর্ধনীতি চাঙা করার লক্ষ্য নিয়ে গত সপ্তাহেও বেশ কিছু পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছিল। এসব পদক্ষেপের মধ্যে ছিল সুদের হার কমানো ও ব্যাংকগুলোর জন্য অতিরিক্ত অর্থের ব্যবস্থা করা।
বছরের পর বছর ধরে চলা আবাসনশিল্পের সংকট ও ভোক্তাদের কম কেনাকাটার কারণে চীনের অর্থনীতি ঝিমিয়ে পড়েছে। কর্মকর্তারা আশা করছেন যে সরকারের নেওয়া পদক্ষেপগুলোর কারণে অর্থনীতির শ্লথগতি ধারা ঠেকানো এবং চলতি বছরে ৫ শতাংশের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে। পশ্চিমা দেশগুলোর জন্য ৫ শতাংশ প্রবৃদ্ধি অনেক মনে হলেও চীনের জন্য এই হার বেশ কম, কারণ দেশটি বছরের পর বছর দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছে।
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন











No comments